বিশেষ সংবাদদাতাঃ
বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। ঢাকার সঙ্গে দ্বিপক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারেও জোর দিয়েছে দেশটি। তবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্যতম বড় বাধা হিসেবে দেখা দিয়েছে ভিসা জটিলতা। এ ক্ষেত্রে লিথুয়ানিয়ার ভিসা প্রক্রিয়া সহজীকরণের তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হকের সঙ্গে আলোচনা করেন সফররত লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস (Mr. Vidmantas Verbickas)।
বৈঠকে লিথুয়ানিয়ার বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই প্রশাসক মোঃ ফজলুল হক বলেন, “বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অন্য কোনো দেশে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বাণিজ্য বাড়াতে ভিসা ব্যবস্থা সহজ করা জরুরি।” ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের দীর্ঘ অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশ লাভবান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জবাবে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার জানান, ইউরোপের বাইরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ তাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশকে এই অঞ্চলে একটি কৌশলগত বাণিজ্যিক হাব (Hub) হিসেবে গড়ে তুলতে আগ্রহী তারা।
ভিসা জটিলতার বিষয়টি স্বীকার করে ভিডমান্টাস ভার্বিকাস আশ্বাস দেন, ঢাকায় নিজস্ব ভিসা সেবাকেন্দ্র চালু কিংবা অন্য কোনো শেনজেনভুক্ত দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করার বিভিন্ন উপায় সক্রিয়ভাবে বিবেচনা করছে তার দেশ।
এ সময় আগামী বছর লিথুয়ানিয়ায় আয়োজিতব্য মর্যাদাপূর্ণ ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে যোগ দিতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান লিথুয়ানিয়ার ভাইস মিনিস্টার।
গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়া দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অ্যাটাচে মিস ক্রিসটিনা উপস্থিত ছিলেন।