রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। শেখ আনোয়ার হোসেন আকাশ নামের এক অভিযুক্ত দালাল ব্যক্তিগত মুঠোফোনে কল করে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘ভয়ংকর পরিণতি’র হুংকার ছাড়েন। এ সময় প্রশাসন ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন।

গত রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৩৩ মিনিটে সাংবাদিক জহিরুল ইসলামের ব্যক্তিগত নম্বরে ফোন করে ওই দালাল সাম্প্রতিক প্রকাশিত সংবাদ ও অনুসন্ধান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ফোনকলে হুমকিদাতা আনোয়ার বলেন, ‘তুমি কোন চ্যাটের বাল, বড় বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’

কেন লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে পাঁয়তারা করা হচ্ছে এবং কাঁটাবনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হলো—এমন প্রশ্ন তুলে তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় আক্রমণ করেন। এ সময় সাংবাদিক জহিরুল ইসলাম স্মরণ করিয়ে দেন যে, এর আগেও তাকে হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জবাবে আনোয়ার দম্ভোক্তি করে বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের হুমকি দিয়ে বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ফি মাত্র ২০ টাকার নকল পর্চা বা দলিলের জন্য সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেওয়ার চিত্র এবং দালাল চক্রের বেপরোয়া কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরও সাংবাদিক জহিরুল ইসলাম জনস্বার্থে দালালদের তৎপরতা নিয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রাখলে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে।

এর আগেও লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে একই ব্যক্তি সাংবাদিক জহিরুল ইসলামকে হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় লালবাগ থানায় জিডি করার পর চলতি বছরের ৯ মার্চ দৈনিক যুগান্তরে এ বিষয়ে সবিস্তারে সংবাদ প্রকাশিত হয়েছিল। বারবার এ ধরনের প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক জহিরুল ইসলাম। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।