“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম কিংবা বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।” রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই পথসভায় তিনি বক্তব্য রাখেন।
পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী উপস্থিত হলে অপেক্ষমাণ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক করতালি দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
এর আগে, সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে তিন জেলা সফরের অংশ হিসেবে রওনা হন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দরে তাকে সাদর অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন