দালানকোঠা ডেস্ক:
দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মাথার ওপর ছাদ নিশ্চিত করার প্রত্যয়ে শুরু হলো তিন দিনব্যাপী আবাসন মেলা। বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে ফিতা কেটে এর সূচনা করেন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন, নতুন প্রযুক্তি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এবারের মেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরসহ আবাসন ও নির্মাণ খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য নিয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন। একই অনুষ্ঠানে তিনি দিবসটি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান। মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপার চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
#বাসস



মন্তব্য করুন