স্টাফ রিপোর্টার:
অনুমোদিত নকশা বুড়ো আঙুল দেখিয়ে ভবন তৈরি এবং আবাসিক এলাকাকে রাতারাতি বাণিজ্যিক রূপ দেওয়া—রাজধানীর এই পুরোনো ব্যাধি থামাতে এবার অলআউট অ্যাকশনে যাওয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ফ্ল্যাট বা প্লট কেনা সাধারণ গ্রাহকদের ডেভেলপারদের প্রতারণা ও হয়রানি থেকে বাঁচাতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা ও আইনের কঠোর প্রয়োগে রাজউককে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির চতুর্থ বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্বিক কর্মকাণ্ডের ময়না তদন্ত করতে গিয়ে এসব কড়া বার্তা দেওয়া হয়।
বৈঠকের মূল নজর যেসব ইস্যুতে:
নকশা বহির্ভূত ভবন ও অবৈধ বাণিজ্য বন্ধ: অনুমোদন ছাড়া ভবন সম্প্রসারণ কিংবা আবাসিক এলাকায় বাণিজ্যিক কাজ চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ছাড় নয়। নিয়মিত অভিযান চালিয়ে কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে।
গ্রাহক সুরক্ষা ও মোবাইল কোর্ট: রিয়েল এস্টেট খাতের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামানো এবং প্রতারিত গ্রাহকদের স্বস্তি দিতে রাজউকের নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
প্লট বরাদ্দের ভূতপূর্ব অনিয়ম তদন্ত: পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্ত মূল অধিবাসীদের প্লট প্রাপ্তি দ্রুত নিশ্চিত করার পাশাপাশি অতীতে প্লট বরাদ্দে কী কী জালিয়াতি হয়েছে, তা খুঁজে বের করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ আবাসন ও পরিবেশ: রাজউককে স্পষ্ট জানানো হয়েছে—আর নতুন করে জমি অধিগ্রহণ করে ফ্ল্যাট বা প্লটের প্রজেক্ট নয়, বরং বহুতল অ্যাপার্টমেন্ট তৈরির দিকে নজর দিতে হবে। এছাড়া ঢাকার জলাশয় ও লেক রক্ষা, নতুন বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা, প্রনামের জায়গা ও ওয়াশরুম রাখা এবং সোলার প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের তাগিদ দেওয়া হয়।
ডিজিটাল অডিট ও জবাবদিহিতা: ফাইল বন্দি নিরীক্ষা কার্যক্রমের দীর্ঘসূত্রিতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুত অডিট নিষ্পত্তি করার নির্দেশ দেন কমিটির সদস্যরা।
এদিনের বহুমাত্রিক আলোচনার বৈঠকে কমিটির অন্যান্য সদস্য—হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত থেকে মতামত দেন।
এছাড়াও রাজউক চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
বিষয় :



মন্তব্য করুন