পর্ব-৭ঃ

সকালের নরম আলো যখন চারপাশটা ছুঁয়ে যাচ্ছিল, সুইমিংপুলের ধারের ছায়ায় চায়ের কাপ হাতে বসে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। গরম চায়ের ভাপ আর হালকা শরতের হাওয়া মিলেমিশে এক অদ্ভুত নিঃশব্দ আরাম তৈরি করেছিল। আঙুলে কাপের ওম আর দূরে গাছপালার পাতার ফিসফিসানি, সব মিলিয়ে এক অপূর্ব প্রশান্তি। চা শেষ করে একটু হেঁটে পার্কের পাশ থেকে ঘুরে এসে আবার সেই চেয়ারে বসা। ঠিক তখনই ‘স্ব’-শব্দে একটা ফুটবল এসে আছড়ে পড়ল পায়ের কাছে! চমকে তাকিয়ে দেখি, ছোট্ট হামজা দরজার আড়াল থেকে মিটিমিটি হাসছে। দুষ্টুমিভরা সেই মুখটা দেখতেই মনের ভেতরটা অজান্তেই এক ফালি রোদে উজ্জ্বল হয়ে উঠল।


বুঝলাম, ভিনদেশি এই সকালটায় একে একে ঘুম ভাঙছে সবার। ডাইনিংয়ে পা রাখতেই কিচেন থেকে ফারিয়াজ আর মৌরির উষ্ণ অভ্যর্থনা, “গুড মর্নিং!” রাতের জেট ল্যাগ বা সময়ের পার্থক্যের কথা বলতেই ওরা হাসিমুখে সান্ত্বনা দিল, আমেরিকা আসার পর এই মানিয়ে নেওয়ার গল্প তো সবারই চেনা। ঘরের কোণে বড় স্ক্রিনে ভিডিও গেম, আইপ্যাডে মগ্ন আরেকজন, আর ছোট হামজার ফুটবল নিয়ে পুরো বাড়ি দাপিয়ে বেড়ানো, সব মিলিয়ে এক প্রাণবন্ত পারিবারিক কোলাহল। অনেক কষ্টে আমাদের ঘুমে আচ্ছন্ন ছেলেটাকেও তুলে ডাইনিংয়ে নিয়ে এলাম।

টেবিলের দিকে তাকালে কার না লোভ হয়! ঘিয়ে ভাজা গরম পরোটা, ডাবল ডিমের অমলেট, চিকেন কারি, ক্রুয়াসাঁ থেকে শুরু করে ফল আর মধু দিয়ে সাজানো আস্ত এক রাজকীয় আয়োজন। “আরে, চা তো আগেই খেয়েছ, তবুও একটু পরোটা খেতেই হবে! “ওদের এই ছোট্ট জোরাজুরিতেই লুকিয়ে থাকে স্বজনদের আসল ভালোবাসা। নাস্তা করতে করতেই আট বছরের হামজার ফুটবল খেলার বায়না মেটানো, সব মিলিয়ে মনে হচ্ছিল, আমরা যেন হাজার মাইল দূরে নয়, বরং নিজেদের শেকড়ের কাছেই কোথাও বসে আছি।

এরই মধ্যে দরজায় কড়া নাড়ল আরও একরাশ আনন্দ। শুক্রবারের জুম্মার নামাজে একসঙ্গে যাওয়ার জন্য স্ত্রী ও দুই ছেলে, ইরফান আর ইমরানকে নিয়ে হাজির ফাহিম। বাংলাদেশি চাচাকে সামনাসামনি দেখে ইরফান-ইমরানের চোখের চকচকে আনন্দ আমাদেরও ছুঁয়ে গেল। মুহূর্তেই লিভিং রুমটা ছয়টি শিশুর কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। আমার ছেলে, ফাহিমের দুই ছেলে আর ফারিয়াজের তিন ছেলে, এই ছয় কাজিন যেন পলকেই মিশে গেল এক সুতোয়। একের পর এক খেলনা আর ফুটবল বের হয়ে এল, চোখ-মুখে তাদের বাঁধভাঙা উল্লাস।


বাচ্চাদের এই হাসিমুখ দেখতে দেখতে মনটা হুট করে বহু বছর পেছনে চলে গেল। মনে পড়ে গেল ছোটবেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে কাজিনদের সাথে সেই কাঁচামাটির গন্ধমাখা দিনগুলোর কথা। তখন কত খেলাধুলা, কত দুষ্টুমি আর রূপকথার মতো বিকেলগুলো কেটে যেত! তারপর সময়ের নিষ্ঠুর নিয়মে বড় হওয়া, পেশার ব্যস্ততা, আটপৌরে জীবনের ইঁদুর দৌড়, সবাই ছড়িয়ে পড়লাম দূর-দূরান্তে। আজ ভিনদেশের মাটিতে ফাহিম আর ফারিয়াজের সাথে বসে শৈশবের সেই হারানো দিনগুলো নিয়ে গল্প করতে করতে মনে হলো, বয়স কেবল সংখ্যা মাত্র, মনের ভেতরকার সেই দুরন্ত কিশোরটা আজও বেঁচে আছে। একপাশে আমাদের শৈশবের স্মৃতিচারণ, আর অন্যপাশে গিন্নি ও দুই ভাইয়ের স্ত্রীদের সংসারের না বলা গল্প, সব মিলিয়ে ঘরটা যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

কথায় কথায় ঘড়ির কাঁটা গড়িয়ে জুম্মার ওয়াক্ত ঘনিয়ে এল। সবার মনে একটা মিষ্টি তাড়াহুড়ো, দুইটি গাড়িতে করে সবাই মিলে মসজিদের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। পরবাসের এই স্নিগ্ধ সকালে মনে হচ্ছিল, দূরত্ব যতই বাড়ুক না কেন, রক্তের টান আর শৈশবের শেকড়গুলো বুঝি এভাবেই মানুষকে বারবার এক সুতোয় বেঁধে ফেলে।

(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ লেখক ও প্রকাশক কর্তৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতিরেকে এই লেখা অন্য কোথাও প্রকাশ বা প্রচার আইনসিদ্ধ নয়।)