আমরা ছিলাম ৪ ভাই, ২ বোন। মোট ৮ জন ভাই-বোন। বড় মামারা ছিলেন ৭ জন, ছোট মামারা ৫ জন, খালাম্মারা ৯ জন। আমাদের বাড়িতে মেহমান ও লোকজনের আসা-লেগেই থাকত। জন্মদিন, বিয়ে, মিলাদ, উৎসবের কোনো শেষ ছিল না। সেদিনের ঘরগুলো আকারে ছোট ছিল, কিন্তু আমাদের পরিবারটা ছিল বিশাল।আমার বাবার পেটে সারাক্ষণ ব্যথা লেগেই থাকত।
১৯৭১ সালে মেডিকেল কলেজে অপারেশন হওয়ার পর থেকে ২০০৫ সালে তাঁর মৃত্যু পর্যন্ত সুদীর্ঘ ৩৪ বছর ধরে, আমার বড় ভাই বাবার সেবা-যত্ন করে গেছেন। জীবনের শেষ ১০ বছর বাবার পায়খানার রাস্তা বের হয়ে যেত; বাথরুমে গেলে সেটাকে হাত দিয়ে আবার যথাস্থানে বসিয়ে দিতে হতো। এই সমস্ত কঠিন কাজ আমার বড় ভাই আর ভাতিজাই সামলেছেন।
আর আমি কী করতাম? আমি সকালে ঘর থেকে বের হয়ে টো-টো করে ঘুরে রাতে বাড়ি ফিরতাম। বাবার অসুখ নিয়ে আমাকে কখনো বাড়তি মাথা ঘামাতে হয়নি, কারণ আমার বড় ভাই সবকিছু একা হাতে সামলে নিয়েছেন। এদিকে আমার সেজো ভাই ১৯৭৮-৭৯ সালের দিকে চাকরির সুবাদে টঙ্গীতে চলে যান।
এরই মাঝে, ১৯৯৭-৯৮ সালের দিকে আম্মার গলায় ক্যানসার ধরা পড়ে। আম্মাকে নিয়েও বড় ভাই ও ভাবী তাঁর মৃত্যু পর্যন্ত (২০১১ সাল পর্যন্ত) ঢাকা ও চট্টগ্রামে কেমোথেরাপি দেওয়া এবং চিকিৎসার জন্য অবিরাম দৌড়ঝাঁপ করেছেন। অবশ্য আম্মার জীবনের শেষ দুই বছর আমি কিছুটা কাজে লেগেছিলাম।
আজ এই পুরনো কথাগুলো আপনাদের সামনে কেন বললাম জানেন? বলুন তো, শুধু কি চার দেওয়ালের দালানকোঠা থাকলেই জীবন চলে?
আগে আমরা চার ভাই ছিলাম। পরিবারে নানা অসুখ-বিসুখ বা যেকোনো বিপদে আমরা সরাসরি কাজে না লাগলেও, বড় ভাই সবসময় সবদিক আগলে রেখেছেন। কিন্তু আজ আমার নিজের দিকে তাকিয়ে দেখুন, আমার তো কেবল একটিই ছেলে।
কাল আমার ছেলে যদি শেষ বয়সে না দেখে, তবে আমার কী উপায় হবে? আমি একা একা দোকানদারি করি, ছেলেকে দোকানে এসে একটু সাহায্য করতে বললে তার কোনো আগ্রহই থাকে না, সে আসেই না। পরিবারে যদি আরেকটি ভাই বা সন্তান থাকত, তবে তাকে বললে হয়তো কিছুটা সাহায্য পেতাম।
অতএব হিসাব করলে দেখা যায়, আগে আমরা এক বাড়িতে ৮ জন একসঙ্গে থাকতাম; সেখানে নিজেদের মধ্যে ঝগড়া হতো, আবার দিনশেষে আমরা মিলেও যেতাম। আর আজ সবাই আলাদা আলাদা দালানকোঠায়, আলাদা ফ্ল্যাটে বসবাস করি, কিন্তু আমাদের মধ্যকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। পাশের ফ্ল্যাটে কারো বাবা বা অভিভাবক অসুস্থ হয়ে পড়লেও পাশের ঘরের মানুষটি পর্যন্ত তা জানে না।
আগে আমাদের কোনো বড় দালানকোঠা ছিল না, কিন্তু আমাদের ভাই ছিল, আপনজন ছিল। আর আজ সবারই বড় বড় দালানকোঠা হয়েছে, কিন্তু পাশে দাঁড়ানোর মতো কোনো ভাই বা আপন মানুষ নেই।
দালানকোঠা বানাতে বানাতে আমরা কি তবে আমাদের আস্ত পরিবারটাকেই ভেঙে ফেললাম….?



মন্তব্য করুন