ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের ভয়াবহ বিস্তার ঘটেছে। দিনের আলো নিভলেই এলাকার কয়েকটি দোকানের পেছনে ও কিছু বসতবাড়িতে বসে জুয়ার বেপরোয়া আসর, যা অনেক সময় গড়ায় গভীর রাত পর্যন্ত। এসব আসরে কেনাবেচা হচ্ছে মাদকও। দীর্ঘদিনের এমন অপকর্মে ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় তরুণ ও যুবসমাজ, উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার সচেতন অভিভাবক ও নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির আশপাশে এবং পশ্চিম পাশের বেশ কয়েকটি বসতবাড়িতে সন্ধ্যার পর থেকে রাতভর চলে নগদ টাকার জুয়া খেলা। এছাড়া স্থানীয় কয়েকটি দোকানের পেছনে গোপন কক্ষে আড্ডা জমায় জুয়াড়ি ও মাদকসেবীরা। এতে একদিকে যেমন সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ।


দীর্ঘদিনের জনপ্রতিনিধি রাজ্জাকুল হাওলাদার মিলন মেম্বারের ওয়ার্ডে এমন পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। টানা প্রায় ৪৫ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিলন মেম্বারের নিজ এলাকাতেই কেন এমন অপকর্মের অভয়ারণ্য তৈরি হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, নিজের ওয়ার্ডের সুনাম রক্ষায় এবং এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মিলন মেম্বারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধীদের চিহ্নিত করতে হবে।

এদিকে, বিএনপির ভোলা জেলা সদস্যসচিব রাইছুল আলমের নিজ এলাকাসহ আশপাশের অঞ্চলগুলোতেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা নিজ নিজ এলাকায় এসব অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা না রাখলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

সামাজিক পরিবেশ রক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর দিঘলদী এলাকার এক জ্যেষ্ঠ বাসিন্দা দালানকোঠাকে বলেন, “অপরাধের সঙ্গে আমার পরিচিত কিংবা কাছের কেউ জড়িত থাকলেও তাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্য কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা নয়; বরং এলাকার বাস্তব চিত্র তুলে ধরে যুবসমাজকে রক্ষা করা। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।”

এলাকাবাসীর পক্ষে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং ভোলা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের দাবি, অনতিবিলম্বে ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের সন্দেহভাজন দোকান ও বসতবাড়িতে পুলিশি নজরদারি বাড়াতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।