দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি জোরদারে বড় পদক্ষপ নিয়েছে শিল্প ও বণিক সমিতিগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এসব লক্ষ্য বাস্তবায়নে গঠিত এফবিসিসিআই’র ‘রপ্তানি গবেষণা সেল’-এর প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক।

উল্লেখ্য, সম্প্রতি দেশের রপ্তানি খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা ত্বরান্বিত করতে দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে ‘রপ্তানি গবেষণা সেল’ গঠনের নির্দেশনা দেয় সরকার। সরকারের এই নির্দেশনার আলোকে দেশের বাণিজ্য খাতের মূল চালিকাশক্তি এফবিসিসিআই-এ একটি বিশেষায়িত রপ্তানি গবেষণা সেল গঠন করা হয়।

এই সেলটির মূল কাজ হবে বৈশ্বিক বাজার বিশ্লেষণ, পলিসি অ্যাডভোকেসি এবং বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের মধ্যে সমন্বয় সাধন করে বাস্তবসম্মত গবেষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা।

সভার সভাপতি ও এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, “গবেষণা সেলের কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে হলে প্রতিটি খাতের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রয়োজন। এজন্য এফবিসিসিআই’র সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খাতের তথ্য ও তথ্যভিত্তিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

এর আগে সভার সূচনাতে রপ্তানি গবেষণা সেলের কার্যক্রম, লক্ষ্য ও রূপরেখা তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর। পরে মুক্ত আলোচনা পর্বে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের নানা দিক তুলে ধরে মতামত দেন।

সভায় সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালকবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই-এর প্রতিনিধিবৃন্দ। এ ছাড়া চাঁদপুর উইমেন চেম্বার, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অ্যালুমিনিয়াম ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনসহ হালকা প্রকৌশল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের শীর্ষ নেতারা এতে অংশ নেন।