রাজধানীর গুলশানে ‘সেভেনটি এইট রেস্টহাউজ’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ আতাউর রহমান শামীম (৪২) নামের এক ম্যানেজারকে।
ডিএনসি জানায়, প্রতিষ্ঠানটি ‘জার্মান ক্লাব’ নামের ভুয়া পরিচয় ব্যবহার করে বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আয়োজন এবং পাইকারি ও খুচরা মদ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২২৩ বোতল (১৭৭ লিটার) বিদেশি মদ ও ২০৯টি বোতল-ক্যান ভর্তি ৬৭ লিটার বিয়ার উদ্ধার করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির ম্যানেজার আতাউর রহমানকে গ্রেপ্তার করা হলেও সম্পৃক্ত অপর আসামি মোঃ ওমর জামিল (৪৫) পালিয়ে যান। ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন