বাংলাদেশের পল্লী উন্নয়নের অনেকটাই হাওর অঞ্চলের উন্নয়নের ওপর নির্ভরশীল। নিম্নাঞ্চলকে পেছনে ফেলে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। পল্লীর উন্নয়ন ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়; তেমনি হাওরের উন্নয়ন ছাড়া পল্লী উন্নয়নও অসম্ভব। ‘একটা দেশকে সমানতালে উন্নয়ন করতে হলে ‘কেউ থাকবে না পেছনে’ নীতির বাস্তবায়ন সর্বাগ্রেিবেবিচ্য। বাস্তবে বাংলাদেশের রূপকল্পে হাওরের ভৌত অবকাঠামো, মানুষের জীবনমান, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ এখনও প্রদীপের নীচের অন্ধকারের মতোই অদৃশ্য। এই ধরনের পরিস্থিতি টেকসই উন্নয়নের পথে বড় বাধা। বিশেষ করে আগাম বন্যা, বাঁধ ভাঙা কিংবা প্রাকৃতিক বিপর্যয় বিশাল ঝুঁকির সৃষ্টি করেছে। সদা সমাসুমে আগাম বন্যার কারণে দুই লাখ টন বোরো ধান বিনষ্ট হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এটা দেশে খাদ্য ঘাটতি সৃষ্টির মতো আশঙ্কার জন্ম দেবে।

হাওরের মানুষের জন্য এই পরিস্থিতি নিছক ভাগ্যের লিখন নয়। বরং উপযুক্ত ব্যবস্থাপনার অভাবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই পরিস্থিতি থেকে উত্তরণ অসম্ভব নয়।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলায় – সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনো, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া হাওরাঞ্চল বিস্তৃত। বাংলাদেশে চার শতাধিক হাওর রয়েছে। সাতটি জেলার মোট ৭০টি উপজেলার ৪৮টি উপজেলাতেই হাওরভুক্ত। প্রায় আট হাজার বর্গকিলোমিটার এবং ১৯ দশমিক ৫৮ লক্ষ হেক্টর এলাকাজুড়ে এই হাওর অঞ্চল বিস্তৃত যেখানে প্রায় দুই কোটির কাছাকাছি মানুষ বসবাস করে। বাংলাদেশের প্রধান হাওরগুলোর মধ্যে আছে হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, হাইল হাওর, নিকলী হাওর ও শনির হাওর। হাওরাঞ্চলকে বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যভান্ডার বলা বলা হয়। বছরের প্রায় ছয় মাস পানির নিচে থাকা এই অঞ্চলের মাটি পলি পড়ার কারণে অত্যন্ত উর্বর। হাওরাঞ্চলের একমাত্র ফসল হলো বোরো ধান। বছরে এখানে প্রায় ৫২ লক্ষ টনের বেশি ধান উৎপাদিত হয়, যা দেশের মোট বোরো উৎপাদনের এক বিশাল অংশ এবং যা জাতীয় খাদ্য নিরাপত্তায় বিপুল অবদান রাখে।
বর্ষাকালে হাওরগুলো উন্মুক্ত মৎস্যভান্ডারে পরিণত হয়। দেশের মোট অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছের একটা বড় অংশ আসে হাওর ও বিল থেকে। হাওরের প্রধানতম সমস্যা হলো ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি ঢল থেকে সৃষ্ট আগাম বন্যা। এপ্রিল-মে মাসে বোরো ধান পাকার ঠিক আগ মুহূর্তে এই ঢল নেমে নিমেষেই কৃষকের পুরো বছরের স্বপ্ন পানির নিচে তলিয়ে দেয়। উজান থেকে আসা নদীগুলোর মাধ্যমে প্রতি বছর প্রচুর পলি এসে নদী ও বিলের তলদেশ ভরাট করে ফেলছে। ফলে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই বন্যা দেখা দিচ্ছে। বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল পায়ে হেঁটে চলা ছাড়া বিকল্প থাকে না। ভেতরের সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় উৎপাদিত ফসল বাজারে সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে বিক্রি করা কৃষকের জন্য কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। খোলা ও বিস্তীর্ণ প্রান্তর হওয়ায় মাঠে কাজ করার সময় কৃষকরা এর বড় শিকার হন।
হাওরাঞ্চলে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়া পরিবর্তনের কারণে উজান থেকে অসময়ে এবং অনিয়মিত পাহাড়ি ঢল আসার প্রবণতা বাড়াচ্ছে যা হাওরের পুরো কৃষিচক্রকে ওলট-পালট করে দিচ্ছে। হাওরের মাঝখান দিয়ে অল-ওয়েদার সড়ক বা বাঁধ নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, জলমহাল ইজারাদারদের মাধ্যমে শুধু মৌসুমে বিল সেচে মাছ ধরা এবং হিজল-করচের মতো পানি সহিষ্ণু বনঝাড় উজার হওয়ার কারণে হাওরের জীববৈচিত্র্য ও বহু দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। বছরের ছয় মাস পানিতে এখানকার বিপুল জনগোষ্ঠী বেকার থাকে। কৃষিনর্ভর শিল্প বা ভাসমান চাষাবাদের মতো বিকল্প জীবিকার অভাব দূর করা একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ।

হাওরের সম্ভাবনার দিক হলো, বছরের প্রায় অর্ধেক সময় পানিতে ডুবে থাকায় জমির উর্বরতা বৃদ্ধির কারণে সেখানে একমাত্র বোরো ফসলের ফলন খুব ভাল হয়। এই ফসল যদি প্রাকৃতিক দুর্যোগে না পড়ে তবে তা দিয়ে হাওরের জনগোষ্ঠী সারাবছর হেসে-খেলে জীবন অতিবাহিত করতে পারেন। কিন্তু আগাম বন্যা কিংবা বাঁধ ভেঙে গেলে ফসল তলিয়ে গেলে কৃষকের সর্বনাশ হয়ে থাকে। উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এই ঝুঁকি থেকে কিভাবে ফসলহানি মোকাবেলা করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া যেতে পারে। এ বিষয়ে একটা মত এমন যে, জলবায়ু পরিবর্তনের প্রবণতা নিবিড় পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রকৃতির নিয়মের একটা নিবিড় ছন্দ আছে। সেই ছন্দে কয়েক বছর পর এই আগাম বন্যা হয়। এমন ক্ষেত্রে যে নির্দিষ্ট বছরে বন্যা হয় ওই বছর আগাম ফসল রোপণ করলে আগেভাগে ফসল ঘরে উঠবে। তবে আগাম ফসল রোপণ করার জন্য নতুন জাতের ধান উদ্ভাবন করা প্রয়োজন। আমাদের দেশের বিজ্ঞানীদের জন্য এটা উদ্ভাবন করা কঠিন কোনো কাজ হবে না।
হাওরের মানুষের আয়-রোজগার এবং ভৌত অবকাঠামোর উন্নয়ন প্রক্রিয়ায় ওই অঞ্চলের মানুষদের সম্পৃক্ত করা দরকার। মানুষ যুক্ত না থাকলে উন্নয়ন টেকসই হয় না। তৃণমূলের মানুষের প্রতি সমাজের ওপর তলার মানুষের দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাটিবাংলার মানুষ যুগ যুগ ধরেই অবহেলিত। তাদেরকে ছায়াঘুষা বলে অবজ্ঞা করা গ্রহণযোগ্য নয়। তাদের বঞ্চিত হওয়ার ধরনও অনেক ক্ষেত্রে আলাদা। প্রভাবশালী মহল তাদেরকে কৌশলী বঞ্চিত করে।
ইদানিং হাওরকেন্দ্রিক পর্যটন গড়ে উঠেছে। বিশেষ করে হাওরে যে ছয় মাস পানি থৈ থৈ করে তখন দেশের অনেক পর্যটক হাওরে যান। কিন্তু হাওরে গড়ে ওঠা পর্যটনকে পরিকল্পিত করে গড়ে তোলা হয়নি। ফলে সম্ভাবনার অনেক কিছুই কাজে লাগানো যায়নি। অনেক ক্ষেত্রে তা ঝুঁকিরও সৃষ্টি করে।
অন্তহীন সমস্যার মধ্যে হাওর মানুষ টিকে আছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা স্বাধীনতা পরবর্তী সময় থেকে তৃণমূল পর্যায়ে সংগঠন সৃষ্টির মাধ্যমে সদস্যদের প্রশিক্ষণ প্রদান, পুঁজি গঠনে সহায়তা, ঋণ প্রদান, উপকরণ প্রদান, ক্ষুদ্র অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
হাওরের ভৌত অবকাঠামোর উন্নয়ন যেমন সড়ক করা হলে সেটা জীবনের সঙ্গে কী প্রভাব ফেলবে তার নিবিড় পর্যালোচনা করে করা উচিত। হাওরে কৃষি বলতে বোরো ধানের বাইরেও গরু-ছাগল পালন করে দুধ উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার সুবিধা অনেকটাই ভাটি অঞ্চলে নেই। জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ অসম্ভব নয়। অনেক সময় জায়গার অভাবে ভাটি অঞ্চলে বর্ষাকলে কেউ মারা গেলে তাকে দাফনের ব্যবস্থাও সম্ভব হয় না। ফলে ভাটির মানুষের জীবনের অনিশ্চয়তা মৃত্যু পর্যন্ত প্রসারিত। হায়, জীবন! মরণেও শান্তি মেলে না।
ভাটির মানুষের উপার্জনের আরেকটি উৎস মৎস্য খাত। হাওরে ও বিলে বর্ষাকালে মাছ ধরার জন্যে সরকারের কাছ থেকে লিগ নিতে হয়। সরকারের নীতি হলো, মৎস্যজীবীরাই জলমহাল লিঙ্গ পাবেন। অনেক সময় সামনে মৎস্যজীবীরাই থাকেন, নেপথ্যে থাকেন প্রভাবশালী মহল। শুকনোর সময়ে মাছ বেশি ধরা পড়ে হাওরে ‘থইন’ (গর্ত) করার মাধ্যমে। সেখানে মাছ একত্রিত হলে সেগুলো ধরা হয়। বিলে মাছ ধরা নিয়ে এক ধরনের উৎসবও সম্ভব। এভাবে নানা উপায়ে হাওরের মানুষের ঝুঁকিকে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে সম্প্রতি হাওর অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সকল সমস্যার সমাধান হলে, হাওর অঞ্চলের মানুষ টেকসই উন্নয়নের পথ খুঁজে পাবে। হাওরের মানুষের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগ সরকারের সামগ্রিক পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।
লেখক
মাসুদ করিম
যুগ্ম সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন



মন্তব্য করুন