আলিমুজ্জামানঃ
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনতে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
প্রধানমন্ত্রীর বিশেষ অনুশাসনের ধারাবাহিকতায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার গণপরিবহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল করতে এবং রাজধানীর ওপর থেকে দূরপাল্লার বাসের অতিরিক্ত চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত এই বাস স্ট্যান্ডটি পুরোদমে চালু হলে দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী বাসসমূহকে আর রাজধানীর ভেতরে প্রবেশ করে যানজট তৈরি করতে হবে না। এক জায়গায় সুনির্দিষ্ট পরিবহন ব্যবস্থার কারণে সাশ্রয় হবে হাজারো কর্মঘণ্টা, একই সাথে স্বস্তি মিলবে ট্রাফিক ব্যবস্থাপনায়।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। এ সময় রাজউক ও ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে রাজউক কর্মকর্তারা জানান, একটি সুপরিকল্পিত ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই মেগা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই এ বাস স্ট্যান্ডটি যাত্রী ও পরিবহন কর্মীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।